ফোন কলের নতুন অ্যাপ ‘ক্যাচঅ্যাপ’ আনলো ফেসবুক

২৭ মে, ২০২০ ১৮:৪৯  
আলাপনে প্রস্তুত এমন ব্যক্তিদের জন্য গ্রুপ অডিও কল সুবিধা চালু করলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। অবমুক্ত করলো অডিও কলের নতুন অ্যাপ ‘ক্যাচআপ’ (CatchUp)। ফেসবুকের এনপিই টিমের অভ্যন্তরীণ গবেষণা ও উন্নয়ন বিভাগ মঙ্গলবার গ্রুপ ফোন নম্বর ব্যবহার করে অডিও কল দেয়ার নতুন অ্যাপটি চালু করে। অ্যাপটি আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারছেন। এতে ৮ জনের গ্রুপ কলে কথা বলারও সুযোগ আছে। ব্যবহারকারীরা যখন সক্রিয় থাকবেন তখন এই সুবিধা মিলবে তবে ভিডিও কলের কোনো সুযোগ থাকছে না। ফেসবুকের দাবি, বয়স্ক মানুষেরা এটি সহজে ব্যবহার করতে পারবেন। অ্যাপভিত্তিক এই কলিংয়ের সেবায় অন্য ‘ক্যাচআপ’ ব্যবহারকারী যখন কথা বলার জন্য ‘ফ্রি’ থাকবেন, তখন বোঝা যাবে। সেটিংসে গিয়ে এটি সেট করে রাখা যাবে। যাদের ফেসবুক নেই তারা কন্টাক্ট লিস্ট ব্যবহার করে ফোন দিতে পারবেন। ক্যাচআপ তৈরি বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এখনকার দিনে মানুষ ফোনকল করেই না বললে চলে। কখন আবার কথা বলার জন্য তিনি প্রস্তুত সেটাও জানা যায় না। তাই আমরা শুধুমাত্র অডিও কলের সুবিধা রেখে অ্যাপটি চালু করেছি। এটা স্রেফ একটি বাটনে চাপ দিয়েই কল করা যাবে। কোনো জটিলতা নেই।’